শখের মোটরসাইকেল ঘিরে কত স্বপ্নই না ছিল তরুণ সাহেদের। প্রতিদিনের মতো বুধবার সকালেও নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তিনি। তবে আর বাড়ি ফেরা হলো না। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ২০ বছর বয়সী এই তরুণ। তার মৃত্যুর মধ্য দিয়ে নিভে গেল একটি পরিবারের স্বপ্ন।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট সড়কের রোশাইপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাহেদ পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোশাইপাড়া এলাকার ওস্তাপাড়া গ্রামের বাসিন্দা ডেকোরেশন মিস্ত্রি মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি রোশাইপাড়া জামেউল উলুম মাদ্রাসা থেকে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। পাশাপাশি শান্তিরহাটের তৈয়্যবিয়া হার্ডওয়্যারে চাকরি করতেন।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম হোসাইন জানান, বুধবার সকালে সাহেদ মোটরসাইকেল নিয়ে শান্তিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রোশাইপাড়া প্রবেশমুখে একটি ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা মো. দেলোয়ার হোসেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘প্রতিদিনের মতো আজও আমার ছেলে শখের বাইক নিয়ে বের হয়েছিল। বাইক রয়ে গেল, কিন্তু আমার ছেলে আর নেই।’
সাহেদের আকস্মিক মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।
একই দিন বাদ আসর স্থানীয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাহেদকে দাফন করা হয়।
